কেমন হবে ইংরেজি গল্প?

ইংরেজি আমাদের মাতৃভাষা নয়; আমাদের দেশের অধিকাংশ শিশুর জন্য এটি একটি ফরেন ল্যাঙ্গুয়েজ। তাই বাচ্চাকে যখন গল্পের মাধ্যমে ইংরেজি শেখাতে যাই, তখন একটা বিষয় খেয়াল রাখা দরকার, গল্পের মধ্যে ল্যাঙ্গুয়েজ লোড যেন বেশি না হয়ে যায়।

গল্প লেখা যেতে পারে কোনো একটা বাক্যের প্যাটার্ন অথবা একটা নির্দিষ্ট ফ্রেইজকে কেন্দ্র করে। তাহলে যে বাচ্চা দৈনন্দিন জীবনে খুব একটা ইংরেজি শোনেনি, তার জন্য ইংরেজি শেখাটা সহজ হয়।

যেমন ধরুন, আমি “fly over” ফ্রেইজটি বাচ্চাকে শেখাতে চাই। এখন এই ফ্রেইজটা যদি গল্পের প্রায় প্রতিটি বাক্যে থাকে, আর বাক্যগুলো হয় সরল, তাহলে বাচ্চার মনে সেটা গেঁথে যাওয়ার সম্ভাবনা বেশি।

এই ব্যাপারটা WCB Publications-সহ আরও কিছু বাচ্চাদের গল্পের বইয়ে দেখতে পেয়েছি। দশ-বারোটা সেন্টেন্স দিয়ে একেকটা গল্প। খুব বেশি গ্রামার লোড নেই। একই ধরনের কিছু অ্যাকশন ওয়ার্ড, কিংবা একটা নির্দিষ্ট sentence pattern-কে কেন্দ্র করে একেকটা গল্প। আর গল্পের শেষে একটা টুইস্ট থাকে, অনেকটা কৌতুকের মতো।

যেমন ধরুন, একটা গল্পে মা তাঁর প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করছেন,

“Who broke my new vase?”

প্রত্যেক বাচ্চাই উত্তর দিচ্ছে,

“It wasn’t me.”

মা একই প্রশ্ন কয়েকবার করলেন। বাচ্চারাও কয়েকবার একই উত্তর দিল।

এভাবে দুটো বাক্যের ব্যবহার গল্পের মধ্যেই বারবার শেখানো হয়ে গেল।

গল্পের শেষে টুইস্ট হলো, নতুন ফুলদানিটা আসলে ভেঙেছে বাচ্চাদের বাবা!

এখন এই গল্পটার উদ্দেশ্য কী?

উদ্দেশ্য একেবারেই নির্ভেজাল, নিরীহ। বাচ্চাকে দুটো ইংরেজি বাক্যের ব্যবহার শেখানো।

কিন্তু এই গল্পের যখন বাংলা অনুবাদ বের করা হয়, তখন পাঠক এর উদ্দেশ্যটা আর বুঝতে পারে না। কারণ বাংলা আমাদের মাতৃভাষা। এত সরল সরল বাক্যের বাংলা গল্পের বই আমাদের একেবারেই প্রয়োজন নেই।

ফলে যে ব্যক্তি ইংরেজি গল্পটার উদ্দেশ্য জানেন না, তাঁর স্বাভাবিকভাবেই মনে হতে পারে, এখানে বাবাকে কি বোকা বা উদাস প্রমাণ করার চেষ্টা করা হয়েছে? বাচ্চারা কেউ ফুলদানিটা ভাঙেনি, অথচ বাবা ফুলদানি ভেঙে বসে আছেন!

এখান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি।

যদি ভাষা শেখানো আমাদের উদ্দেশ্য হয়, তাহলে আমাদের বাংলা গল্পের বই আর ইংরেজি গল্পের বইয়ের মধ্যে তফাৎ থাকতেই হবে।

ইংরেজি ভাষা শেখানোর জন্য বাংলা গল্প ইংরেজিতে অনুবাদ করে দিলেই চলবে না।

আবার ভাষা শেখানোর উদ্দেশ্যে লেখা ইংরেজি গল্প বাংলায় অনুবাদ করে দিলেও হবে না।

কারণ দুটোর উদ্দেশ্য এক নয়।

সহজ কথায় বললে, ইংরেজি শেখানোর গল্পের ক্ষেত্রে, বিশেষ করে beginner শিশুদের জন্য, একদম basic থেকে ধাপে ধাপে advanced-এর দিকে যেতে হবে। কোন শব্দ আগে আসবে, কোন বাক্যের pattern বারবার ব্যবহার হবে, কোথায় ভাষার জটিলতা বাড়বে, এগুলো পরিকল্পনা করেই গল্প লিখতে হবে।

কিন্তু বাংলা গল্পের ক্ষেত্রে ভাষা শেখানোর ইংরেজি গল্পের মতো করে প্রতিটি শব্দ, বাক্য বা sentence pattern পরিকল্পনা করে তৈরি করার প্রয়োজন নেই। কারণ বাংলা আমাদের মাতৃভাষা।

তাই শুধু গল্প ভালো হলেই হবে না। আগে ঠিক করতে হবে, গল্পটা কী শেখানোর জন্য লেখা হচ্ছে।

ভাষা শেখানোর গল্প আর শুধু গল্প, দুটো দেখতে একই রকম হতে পারে। কিন্তু দুটো লেখার পদ্ধতি এক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *